এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
তারই অংশ হিসেবে আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি ভৈরব উপজেলায় পরিদর্শনে আসেন।
পরে বিকাল সাড়ে ৪টায় পৌরসভার সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ধর্মীয় সংগঠন, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী নেতা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবাগত জেলা প্রশাসক ।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক শবনম শারমিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৬ আসনে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. কবির হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মতিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি হাজী মোহাম্মদ মূসা খান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এবং গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলসহ বিভিন্ন শ্রেণিরপেশার মানুষ।
প্রধান অতিথির বক্তৃতায় ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা ভৈরব। এটি একটি বন্দরনগরী। এই নগরীর উন্নয়ন, সুশাসন, জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, এই মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।
সভায় বক্তারা ভৈরবের উন্নয়ন অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নদীভাঙন, যানজট, দুর্নীতি নিরসন ও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।