নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাইদ ইউনিয়নের দর্গাভিটা বাজার সংলগ্ন উত্তর বালিয়া স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন “সেবা”র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড.জাহাঙ্গীর আলম মোল্লা।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সামাজিক ও মানবিক সংগঠন “সেবা” সার্বিক প্রচেষ্টা ও সদস্যদের নিজস্ব এবং প্রবাসী এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এলাকার “গ্রামীণ হতদরিদ্র অবহেলিত অস্বচ্ছল জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবার ব্রতকে” সামনে রেখে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.শফিউজ্জামান, সংগঠনের উপদেষ্ঠা ও কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জুবায়ের ইবনে সাইদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল-ইমরান, বর্তমান সভাপতি তোফায়েল আহম্মেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
চিকিৎসা সেবায় অংশ নেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি) ডা. শারমিন আক্তার তন্বী, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনী এন্ড অবস্) ডা. মুর্শিদা আক্তার শিখা, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদ, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. মোহাম্মদ আলী, চর্ম যৌন ও এলার্জি বিষয়ক চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও প্লাস্টিক রিকন্সট্রাটিভ সার্জারী বিষয়ক চিকিৎসক ডা. রাজীব হোসেন রাজু, চক্ষু রোগে অভিজ্ঞ চিকিৎসক মো. নাঈমুর রহমান নাঈম প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড, জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, আমার জানামতে অরাজনৈতিক সেবা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে তাদের সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। আমি সংগঠনটির আরো সফলতা কামনা করি।
তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় অর্থের অভাবে অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা নিতে পারেনি। তাই বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পিং। প্রত্যাশা করছি এ উদ্যোগে অনেকেরই প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন।
তিনি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সবাইকে ধৈর্যের সঙ্গে চিকিৎসা ও পরামর্শ নিতে অনুরোধ জানান এবং আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় প্রায় ৫ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।